লন্ডন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেমস বন্ডের একটি গাড়ি বুধবার লন্ডনের এক নিলামে ৪৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
১৯৬৪ সালের অস্টিন মার্টিন ডিবি৫ মডেলের এ গাড়িটি কিনেছেন এক মার্কিন ব্যবসায়ী।
গাড়িটি জেমস বন্ড সিরিজের 'গোল্ডফিঙ্গার' ও 'থান্ডারবল' সিনেমায় শ্যন কনারি চালিয়েছিলেন।
এটি বিক্রির পর নিলামের আয়োজক প্রতিষ্ঠান আরএম এক বিবৃতিতে জানিয়েছে, বন্ডের এ গাড়িটি ব্যবসায়ী হ্যারি ইয়াগি কিনেছেন।
ইয়াগি বলেন, "এ গাড়িটিই আমি চেয়েছিলাম। মোটের ওপর এটা বিশ্বের সবচেয়ে বিখ্যাত গাড়ি। এটা আমার ওহাইওর ব্যক্তিগত গাড়ি জাদুঘরে প্রদর্শনের পরিকল্পনা আছে।"
এ ধরনের গাড়ি বিশ্বে আর একটি আছে। তার মালিক ফিলাডেলফিয়ার রেডিও ব্রডকাস্টার সেলার জেরি লি। তিনি ১৯৬৯ সালে অস্টিন মার্টিন লাগোন্দা ফ্যাক্টরি থেকে ১২ হাজার মার্কিন ডলারে কিনেছিলেন গাড়িটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১৫১২ঘ.
bdnews24