২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারিকের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান রাশিয়ারও

ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের পর এবার রাশিয়া ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 05:55 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

বাগদাদ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের পর এবার রাশিয়া ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক বিবেচনা করে আজিজের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য বুধবার ইরাকি কর্তৃপক্ষকে আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, "মানবিক দৃষ্টিকোণ এবং তার বর্তমান পরিস্থিতি অবশ্যই ক্ষমা পাওয়ার যোগ্য।" বিবৃতিতে আরো বলা হয়, ১৯৩৬ সালে জন্মগ্রহণকারী আজিজ দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং জীবনের প্রায় শেষপ্রান্তে রয়েছেন। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের তীব্র বিরোধী ছিল রাশিয়া। নিউ ইয়র্কে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরস্কিকে আজিজের শাস্তি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মৃত্যুদণ্ড বিষয়ে জাতিসংঘের অবস্থান সম্পর্কে সবাই অবগত। আমরা মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী।" তবে, তারিক আজিজকে রক্ষার ডাকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি। এক সাংবাদিক সম্মেলনে ক্রাউলি বলেন, "যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এ বিচার সম্পন্ন হয়েছে। এটি এখন সম্পূর্ণই ইরাকের বিষয়।" এর আগে মঙ্গলবার ইরাকের সর্বোচ্চ আদালতের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, "২০০৩ সালের আগে ইরাকের ধর্মীয় দলগুলো নির্মূল অভিযানে জড়িত থাকার অভিযোগে তারিক আজিজ, সাদুন শাকির ও আবেদ হামুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।" ওইদিন রাতেই ভ্যাটিকানের মুখপাত্র ফ্রেডেরিকো লম্বারডি জানান, "তারিক আজিজের মৃত্যুদণ্ডের বিষয়টি আমরা জেনেছি। এ শাস্তি কার্যকর করা হবে না বলে আমরা আশা করছি।" লম্বারডি আরো জানান, ইরাকের শান্তি, ন্যায়বিচার ও পুনর্গঠনের জন্যই এই মৃত্যুদণ্ড রদ জরুরি। প্রসঙ্গত, তারিক আজিজ একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন তারিক আজিজ। সে সময় তিনি একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটিকে 'নেকড়ের মুখে ফেলে যাচ্ছে' বলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫১ঘ.