২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন নেস্টর কির্শনার

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্শনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 04:46 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

বুয়েনস আয়ারস, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্শনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশের দক্ষিণাঞ্চলীয় এল কালাফাতের একটি ক্লিনিকে বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় তিনি মারা যান বলে সংবাদমাধ্যমে জানানো হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। নেস্টর কির্শনার আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য কির্শনারের স্বামী। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সেপ্টেম্বরে কির্শনারের হৃদপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। চলতি বছরেও আরো একবার অস্ত্রোপচার হয়েছে তার। বুধবার হঠাৎ করেই বুকে ব্যথা অনুভূত হওয়ায় তাকে ক্লিনিকে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। কির্শনার ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। আর্জেন্টিনার অনেক সাফল্যের কারিগর এই মানুষটির নেতৃত্বে দেশটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। কিন্তু আক্রমণাত্মক স্বভাব ও অর্থনীতিতে অযাচিত হস্তক্ষেপের কারণে তার বিরুদ্ধে যথেষ্ট সমালোচনাও রয়েছে। ২০১১ সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল কির্শনারের। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে ক্ষমতাসীন দল থেকে কে হবেন প্রার্থী তা এখন দেখার বিষয়। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেস্টর কির্শনারের মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ আন্তর্জাতিক নেতারা শোক প্রকাশ করেছেন। ভেনেজুয়েলায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট হুগো শাভেজ। তিনি আন্তর্জাতিক ন্যায়বিচারের লক্ষ্যে লড়াইয়ের জন্য কির্শনারের প্রশংসা করেন। কির্শনারের মৃত্যুকে লাতিন আমেরিকার জন্য এক বড় ধরনের ক্ষতি বলে আখ্যা দিয়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানান, আর্জেন্টিনার জনগণের সাথে তার দেশও শোকাহত। ২০০৭ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকেই স্বাস্থ্যজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন কির্শনার। কিন্তু তারপরও রাজনীতি থেকে দূরে থাকেননি তিনি। মৃত্যুর সময়ও আর্জেন্টিনার কংগ্রেসের সদস্য ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১০২৮ ঘ.