বাগদাদ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে মঙ্গলবার এক স্বর্ণবাজারে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলিতে পাঁচ পুলিশসহ আট জন নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতালসূত্রে এ খবর জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলিতে দুই পুলিশসহ ১২ জন আহতও হয়েছেন।
কিরকুকের ব্যস্ত এই স্বর্ণবাজারে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রধারীরা গ্রেনেডসহ অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায়।
তবে এটি জঙ্গি হামলা নাকি কোনো অন্য কোনো অপরাধীচক্র এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
গত কয়েকমাসে ইরাকের স্বর্ণবাজার গুলো বড় ধরনের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। বাগদাদে মে মাসে এক হামলায় ১৪ জন নিহত হয়।
জুনে বসরার স্বর্ণবাজারে প্রায় ৬ জন অস্ত্রধারী লুটপাট চালায়। ওই সময় তিনজন নিহত হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, কিছু জঙ্গি গোষ্ঠী অস্ত্র ও অপরাধ সংঘটনে অর্থায়নের জন্য স্বর্ণবাজার, দোকান ও ব্যাংকগুলোতে হামলা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৬ঘ.
bdnews24