জাকার্তা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে সুমাত্রার উপকূলীয় এলাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জন। এতে নিখোঁজ হয়েছে ৫০২ জন। বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে বুধবার এ পরিসংখ্যান জানা গেছে।
অন্যদিকে, জাভার কেন্দ্রস্থলের মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে। ফলে, দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দোনেশিয়ার এ দুর্যোগে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
শৈশবের কিছু সময় ইন্দোনেয়িশায় কাটিয়েছেন ওবামা।
এ দুর্যোগে নিহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো পরিস্থিতিতে সহায়তার জন্য তৈরি।
২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ১১শ' মানুষ মারা যায়।
আর ২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রায় ৯ মাত্রার বেশি ভূমিকম্পের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ সুনামিতে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তার মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মারা যায় ১ লাখ ৬৮ হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ঘ.
bdnews24