জাকার্তা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে সুমাত্রার উপকূলীয় এলাকায় কমপক্ষে ১০৮ জন। এতে নিখোঁজ হয়েছে ৫০২ জন। সরকারি কর্মকর্তারা মঙ্গলবার একথা জানায়।
অন্যদিকে, জাভার কেন্দ্রস্থলের মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ফলে, দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৫ জনে।
ইন্দেনেশিয়ার মেট্রো টিভি সুনামিতে নিহতের সংখ্যা সর্বশেষ ১০৮ এবং নিখোঁজের সংখ্যা ৫০২ বলে জানিয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ার মৎস্য বিভাগের আঞ্চলিক কর্মকর্তা হারদিমানশা বলেন, সোমবার দিনের শেষভাগে মেন্তাভি দ্বীপের দক্ষিণ পাগাইয়ের ৭৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের ফলে উপকূলীয় বেটু মোঙ্গা গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
তিনি টেলিফোনে রয়টার্সকে জানান, "ঐ গ্রামে ২ শ' মানুষ বাস করতো। তাদের মাত্র ৪০ জনকে পাওয়া গেছে। নিখোঁজ হয়েছে ১৬০ জন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।"
পার্শ্ববর্তী গ্রাম মালাকোপায় অন্তত একজন নিহত ও দুই জন নিখোঁজ হয়েছে বলেও জানান তিনি।
সিকাকাপ জেলার পুলিশ কর্মকর্তা রোনাল্ড বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। তারা জরুরি সেবার ব্যবস্থা করতেও তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, "আমরা মনে করছি লোকজনের আশ্রয় ও খাবার দরকার। প্রবল বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাতাসও বইছে খুব জোরে।"
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রধান মুদাজিয়ার্তো বলেন, সিপোরা দ্বীপের কাছে দুটি মৃতদেহ পাওয়া গেছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছে।
দক্ষিণ পাগাই দ্বীপে উপকূলীয় গ্রামগুলোর প্রায় ৬ শ' মিটার পর্যন্ত পানিতে ভেসে গেছে বলেও জানান তিনি।
এর আগে ঐ অঞ্চলে একটি পর্যটন বোটে থাকা অস্ট্রেলিয়ার কয়েকজন নাগরিকের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, জাভার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মেরাপি মঙ্গলবার অগ্ন্যুৎপাত শুরু করে। এরফলে আশপাশের আবহাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রচণ্ড তাপে এবং শ্বাসকষ্টে মারা গেছে কমপক্ষে ১৭ জন। আহত হয়েছেন ৪০ জন।
নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। মেরাপির চারদিকে ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষ।
২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ১১শ' মানুষ মারা যায়।
আর ২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রায় ৯ মাত্রার বেশি ভূমিকম্পের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ সুনামিতে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তার মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মারা যায় ১ লাখ ৬৮ হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এএইচ/এলকিউ/সিআর/১০৪৩ঘ.
bdnews24