হাভানা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসরকারি খাতে কর্মসংস্থানের অনুমতি দেওয়ার পাশাপাশি সেক্ষেত্রে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আয়কর ধার্য করছে কিউবা।
সোমবার প্রকাশিত সরকারি আদেশে একথা বলা হয়েছে।
বছরে পাঁচ হাজার পেসোর বেশি উপার্জনকারী ব্যক্তিকে আয়কর দিতে হবে। আয়কর ২৫ শতাংশ থেকে শুরু হয়ে আয় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।
বছরে ৫০ হাজার পেশোর বেশি আয়ের মানুষকে ৫০ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হবে।
সমাজতান্ত্রিক এ দেশটিতে রাষ্ট্রীয় ব্যয় কমাতে সে খাতে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান কমানো এবং বেসরকারি খাতে কর্মসংস্থানে যোগ দেওয়ার জন্য নতুন করে আড়াই লাখ মানুষকে অনুমতি দেওয়ার পরিকল্পনা থেকে নতুন এ আয়কর হার নির্ধারণ করেছে সরকার।
২০০৮ সালে বড় ভাই ফিদেল ক্যাস্ত্রোর কাছ থেকে ক্ষমতাগ্রহণের পর প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কার।
বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৫০০ঘ.
bdnews24