২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সুনামি, নিহত ১০৮

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে সুমাত্রার উপকূলীয় এলাকায় ১শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো কয়েকশ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

জাকার্তা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে সুমাত্রার উপকূলীয় এলাকায় ১শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো কয়েকশ মানুষ। সরকারি কর্মকর্তারা মঙ্গলবার একথা জানায়। ক্ষতিগ্রস্ত এলাকার আঞ্চলিক প্রধান সরকারি কর্মকর্তা হেনরি দোরি সাতোকোর উদ্ধৃতি দিয়ে ইন্দেনেশিয়ার মেট্রো টিভি নিহতের সংখ্যা সর্বশেষ ১০৮ এবং নিখোঁজের সংখ্যা ৫০২ বলে জানিয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার মৎস্য বিভাগের আঞ্চলিক কর্মকর্তা হারদিমানশা বলেন, সোমবার দিনের শেষভাগে মেন্তাভি দ্বীপের দক্ষিণ পাগাইয়ের ৭৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের ফলে উপকূলীয় বেটু মোঙ্গা গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তিনি টেলিফোনে রয়টার্সকে জানান, "ঐ গ্রামে ২ শ' মানুষ বাস করতো। তাদের মাত্র ৪০ জনকে পাওয়া গেছে। নিখোঁজ হয়েছে ১৬০ জন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।" পার্শ্ববর্তী গ্রাম মালাকোপায় অন্তত একজন নিহত ও দুই জন নিখোঁজ হয়েছে বলেও জানান তিনি। সিকাকাপ জেলার পুলিশ কর্মকর্তা রোনাল্ড বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। তারা জরুরি সেবার ব্যবস্থা করতেও তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, "আমরা মনে করছি লোকজনের আশ্রয় ও খাবার দরকার। প্রবল বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাতাসও বইছে খুব জোরে।" দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রধান মুদাজিয়ার্তো বলেন, সিপোরা দ্বীপের কাছে দুটি মৃতদেহ পাওয়া গেছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছে। দক্ষিণ পাগাই দ্বীপে উপকূলীয় গ্রামগুলোর প্রায় ৬ শ' মিটার পর্যন্ত পানিতে ভেসে গেছে বলেও জানান তিনি। ভূমিকম্পের পর ঐ অঞ্চলে একটি পর্যটন বোটে থাকা অস্ট্রেলিয়ার আট থেকে দশ নাগরিকের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানা গেছে। ২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রায় ৯ মাত্রার বেশি ভূমিকম্পের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ সুনামিতে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এএইচ/এলকিউ/১৮১১ঘ.