কাবুল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক তালেবান কমান্ডারকে লক্ষ করে চালানো রাতভর অভিযান ও বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) সোমবার এ কথা জানিয়েছে।
হেলমান্দ প্রদেশে আফগান ও আইএসএএফ'র যৌথ অভিযান চালানোর সময় চার জঙ্গি নিহত হয়। পরবর্তী সময়ে বিমান হামলায় ১১ জনেরও বেশি জঙ্গি নিহত হয় বলে আইএসএএফ'র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জঙ্গিরা ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তিনটি গাড়ি এবং ছয়টি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল।
এই অভিযানে ছয় জঙ্গিকে আটকও করা হলেও, যে কমান্ডারকে লক্ষ করে এই অভিযার পরিচালিত হয়েছে, সে মারা গেছে নাকি আটক করা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।
তবে, প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ২৫ জঙ্গি নিহত হয়ে থাকতে পারে। তাদের মধ্যে দুই তালেবান কমান্ডারও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫২ঘ.
bdnews24