বাগদাদ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সর্বোচ্চ আদালত এক আদেশে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে পার্লামেন্ট অধিবেশন আবার শুরুর নির্দেশ দেওয়ার পর জোট সরকার গঠনের আলোচনায় বসতে রাজি হয়েছে রাজনৈতিক দলগুলো।
এতে সাত মাসের অচলাবস্থা কাটিয়ে ইরাকে একটি জোট সরকার গঠনের আলোচনা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ওদিকে, নির্বাচনে বেশি সংখ্যক আসন পাওয়া যে কোনো একটি পক্ষের সঙ্গে জোটে যাওয়ার জন্য কুর্দিদের ওপর চাপ বাড়ছে।
চলতি বছরের ৭ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যালঘু কুর্দিরা ৫৭টি আসন পেয়েছে।
পার্লামেন্ট নির্বাচনে মালিকির দলের চেয়ে দুইটি আসন বেশি পেয়ে প্রথম হয়েছিল আলাবির দল ইরাকিয়া। তবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় তারা।
সরকার গঠন করতে হলে দুই প্রতিদ্বন্দ্বী দলেরই কুর্দিদের সমর্থন প্রয়োজন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির নেতৃত্বাধীন শিয়া জোটের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছে কুর্দিরা।
তবে দেশটির স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রেখে সুন্নি সমর্থিত ইরাকিয়া ব্লককে জোট সরকারে নেওয়ার জন্য সব পক্ষের ওপর চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের।
জোট সরকারে যাওয়ার জন্য দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলতে থাকলেও শিয়া নেতৃত্বাধীন জোটের প্রতিই কুর্দিদের সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি।
তবে কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট মাসুদ বারজানির নেতৃত্বে বুধবার বাগদাদে অনুষ্ঠেয় এক গোলটেবিল বৈঠকে কুর্দিদের সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১২১১ঘ.
bdnews24