লাগোস, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় এ বছর কলেরায় ১৫শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ সোমবার একথা জানিয়েছে।
আগস্টে নাইজেরিয়া সরকার মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছিলো তার চেয়ে এ সংখ্যা চারগুণ বেশি।
ইউনিসেফের আঞ্চলিক মুখপাত্র মার্টিন ডয়েস রয়টার্সকে বলেছেন, জানুয়ারি থেকে কলেরায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৫ জন প্রাণ হারিয়েছে।
আফিকার জনবহুল এ দেশটিতে ৩৮ হাজার ১৭৩ জন কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
ভারী বর্ষণ ও বন্যায় গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির অভাব ও পয়ঃনিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে সেখানে কলেরা ছড়িয়ে পড়ে।
সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণে খাদ্য ও পানি দূষিত হলে এ রোগ ছড়ায়।
নাইজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আগস্টে জানায়, দেশের উত্তরাঞ্চলে কলেরায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫২-তে দাঁড়িয়েছে। সারা দেশে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৬ ঘ.
bdnews24