২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে চলতি বছর প্রায় ৬শ' বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে ২০১০ সালে এ পর্যন্ত নিহত বিদেশি সেনার সংখ্যা প্রায় ছয়শ'তে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 06:05 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

কাবুল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ২০১০ সালে এ পর্যন্ত নিহত বিদেশি সেনার সংখ্যা প্রায় ছয়শ'তে পৌঁছেছে। রোববারও এক ন্যাটো সেনার মৃত্যু হয়েছে। চলতি বছরে আফগান যুদ্ধে বিদেশি সেনাদের এ উচ্চ মৃত্যুহার পশ্চিমা নেতাদের যুদ্ধ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ) বলেছে, রোববার দেশটির দক্ষিণাঞ্চলে জঙ্গিদের হাতে বানানো বোমা বিস্ফোরণে তাদের এক সেনার মৃত্যু হয়েছে। সর্বশেষ ওই নিহত ওই সেনাসহ চলতি বছর এ পর্যন্ত ৫৯৯ জন বিদেশি সেনার মৃত্যু হলো। দেশটিতে এ বছর ৫৯৯ সেনার প্রায় অর্ধেক জঙ্গিদের হাতে বানানো বোমা হামলাতে নিহত হয়েছে। ২০০৯ সালে নিহতের এই সংখ্যা ছিল ৫২১। ২০০১ সালের শেষ দিকে আফগানিস্তানে মার্কিন সেনা অভিযানের পর থেকে এ বছরই দেশটিতে আফগান সামরিক ও বেসামরিক নাগরিক এবং বিদেশি সেনা নিহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। যদিও এখনো বছরটি শেষ হতে আরো দুই মাস বাকি। ডিসেম্বরে আফগান যুদ্ধ পর্যালোচনার করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর কথা রয়েছে। তার আগে বিদেশি সেনা নিহতের ঘটনা বেড়ে যাওয়ায় যুদ্ধ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে সব মহলকে। তাছাড়া আগামী মাসে লিসবনে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনেও অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৫১ঘ.