২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকসের অভিযোগ তদন্তের চাপে যুক্তরাষ্ট্র

ইরাক যুদ্ধ নিয়ে উইকিলিক্সের গোপন নথি ফাঁসের পর ওই যুদ্ধে মার্কিন বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধপরাধের অভিযোগ তদন্তের তীব্র চাপে পড়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

লন্ডন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইরাক যুদ্ধ নিয়ে উইকিলিক্সের গোপন নথি ফাঁসের পর ওই যুদ্ধে মার্কিন বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধপরাধের অভিযোগ তদন্তের তীব্র চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। উইকিলিক্সের গোপন নথিতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা তদন্ত করে দেখতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার সংগঠনগুলোও মার্কিন বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চাইছে। উইকিলিকস ৪ লাখ গোপন নথি ফাঁস করে ইরাক যুদ্ধে নিয়োজিত যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনী এবং ইরাকি সেনাদের বিরুদ্ধে ৬৬ হাজার বেসামরিক লোকের ওপর নির্যাতন ও নির্বিচারে হত্যার অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কী জবাব দেয় তা জানার জন্য উন্মুখ হয়ে আছে বিশ্ব। এ সমস্ত অভিযোগের ভিত্তিতেই মার্কিন প্রশাসনকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারী ম্যানফ্রেড নোয়াক। তিনি বলেন, উইকিলিক্সের আনা অভিযোগগুলো নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন কিনা তা তদন্ত করে দেখাটা ওবামা প্রশাসনের দায়িত্ব। তিনি যুদ্ধে নিরীহ মানুষ হত্যার ঘটনায় ব্রিটিশ বাহিনীর জড়িত থাকার অভিযোগেরও সরকারি তদন্ত দাবি করেন। তিনি আরো বলেন, ওবামা প্রশাসনের উচিত এ সমস্ত অভিযোগের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত শুরু করা। কেবল দায়ীদের বিচার করা নয় নির্যাতনের শিকার হওয়াদের পর্যাপ্ত সহায়তা করার উদ্দেশ্য নিয়ে তাদের এ তদন্ত করা উচিত। ওদিকে, মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' বলেছে, ইরাকেরও উচিত তাদের নিরাপত্তা বাহিনীর হাতে বন্দিদের নির্যাতিত হওয়ার অভিযোগ তদন্ত করা। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের বিষয়টি তদন্ত করা উচিত জানিয়ে বলেছে, মার্কিন বাহিনী বহু ইরাকি বন্দিকে নির্যাতনের স্পষ্ট ঝুঁকির মুখেও যুক্তরাষ্ট্র থেকে ইরাকের কাস্টডিতে পাঠিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখা উচিত সরকারের। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ওয়াশিংটনকে সমস্ত অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে বন্দি নির্যাতনের কথা কতটুকু জানতো তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে তারা। সূত্র: পিটিআই, এএফপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ ঘ.