কাবুল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আফগানিস্তানের হেরাতে জাতিসংঘ কার্যালয়ে তালেবানের আত্মঘাতী হামলায় বিশ্ব সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের কেউ হতাহত হয়নি।
বোরকা পরিহিত ও পুলিশের বেশধারী চার আত্মঘাতী হামলাকারী জাতিসংঘ কার্যালয়টিতে হামলা চালায়।
হেরাতের গভর্নর মোহাম্মদ দাউদ সাবা বলেছেন, একজন হামলাকারী জাতিসংঘ কার্যালয় প্রাঙ্গণে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান এবং এতে সে নিজে নিহত হয়। আরো দুই হামলাকারীও মারা যায় নিজেদের বিস্ফোরিত বোমাতেই। অপর এক হামলাকারী তার কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটানোর আগেই পুলিশের গুলিতে নিহত হয়।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের অন্যতম বড় শহর ও বাণিজ্যিক এলাকা হেরাতে এ হামলার পর জাতিসংঘ কার্যালয়টি ঘিরে রেখেছে সেনাবাহিনী।
কাবুলে নিযুক্ত জাতিসংঘের প্রধান মুখপাত্র কিয়েরান ডইয়ার বলেছেন, ঘটনার সমাপ্তি ঘটেছে এবং জাতিসংঘের কেউ আহত হননি।
প্রায় দেড় লাখ বিদেশী সেনার উপস্থিতির পরও আফগানিস্তানে এ ধরনের সন্ত্রাসী হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী তালেবানদের উৎখাতের পর থেকে শুরু হওয়া এ যুদ্ধে হতাহতের সংখ্যা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
স
bdnews24