প্যারিস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ফ্রান্সে সিনেটের উচ্চকক্ষে পেনশন বিধি সংস্কার বিল পাস হয়ে গেলেও বিক্ষোভ অব্যাহত রেখেছে শ্রমিক ইউনিয়নগুলো।
ধর্মঘটের কারণে বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকা তেলের ডিপোগুলো সিনেটের উচ্চকক্ষে বিল পাসের পর শনিবার খুলে দেওয়ার চেষ্টা চালায় সরকার। কিন্তু পেনশন বিধি সংস্কারের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে অবরোধ করে রাখা ডিপোগুলো থেকে এ পা নড়তেও নারাজ শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা।
কয়েক সপ্তাহ ধরে চলা এ তুমুল বিক্ষোভ-ধর্মঘটে রেলওয়ে ও তেলের ডিপোগুলো বস্তুতপক্ষে প্রায় অচল হয়ে পড়েছে। তেল শোধনাগার ও খুচরা বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকায় দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এছাড়াও ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য অনেক সরকারি সেবাখাতও।
বুধবারের মধ্যে এ বিলটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। বিলটি পুরোপুরি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও শ্রমিক ইউনিয়নগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে শনিবারও।
ফ্রান্সের প্রধান প্রধান শ্রমিক ইউনিয়নগুলো আগামী ২৮ শে অক্টোবর ও ৬ ই নভেম্বর আরো দুই দিনের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে।
ইউরোপে সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভের মধ্যে ফ্রান্সের চলমান আন্দোলনই সবচেয়ে বড় ও দীর্ঘ সময় ধরে চলছে।
নতুন এ আইনটি পাস হলে ফ্রান্সে অবসরে যাওয়ার বয়সসীমা ৬০ থেকে বেড়ে ৬২ হয়ে যাবে। সিনেটের উচ্চ কক্ষে ১৭৭-১৫৩ ভোটে বিলটি পাস হয়। সিনেটের উচ্চকক্ষে এ অনুমোদনের অর্থ হলো জয়েন্ট পার্লামেন্টারি কাউন্সিল ও একটি সাংবিধানিক কাউন্সিলের স্বাক্ষরের পর দ্রুতই তা আইনে পরিণত হবে।
ফ্রান্স সরকার নতুন এ আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা এবং পূর্ণ অবসর ভাতা গ্রহণের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা করেছে।
সরকারি ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর জন্য এ পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু শ্রমিকরা এ পরিকল্পনা মানতে রাজি নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২১৫৯ ঘ.
bdnews24