২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইরাক যুদ্ধের গোপন নথি ফাঁস

আফগান যুদ্ধের পর এবার ইরাক যুদ্ধ সংক্রান্ত মার্কিন প্রশাসনের চার লাখ গোপন নথি প্রকাশ করেছে ওয়েবসাইট 'উইকিলিকস'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 06:50 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান যুদ্ধের পর এবার ইরাক যুদ্ধ সংক্রান্ত মার্কিন প্রশাসনের চার লাখ গোপন নথি প্রকাশ করেছে ওয়েবসাইট 'উইকিলিকস'। শুক্রবার প্রকাশিত এসব নথিতে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর অসহায়ত্বের বিবরণ রয়েছে। পাশাপাশি ওই সময় ইরাকি বাহিনীর হাতে বন্দিদের ওপর বিভীষিকাময় অত্যাচার ও ইরাকি পুলিশ এবং সেনাদের অনেক ভয়াবহ অপরাধের প্রমাণও এতে উঠে এসেছে। কিন্তু মার্কিন বাহিনী সেসব অপরাধ তদন্তে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে, ইরাকি কর্তৃপক্ষ মার্কিন বাহিনীর বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। পাশাপাশি, ইরাকিরাই ইরাকিদের হত্যার জন্য বেশি দায়ী বলে প্রমাণ মিলেছে। গোপন নথি অনুযায়ী ইরান নানাভাবে ইরাকি জঙ্গিদের সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। পেন্টাগন এসব নথি ফাঁসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ওয়েবসাইটটি জুলাই মাসে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭০ হাজারেরও বেশি গোপন নথি ফাঁস করেছিল। মার্কিন কর্মকর্তারা জানান, নথি ফাঁসের ঘটনা মার্কিন সেনাদের বিপদের মধ্যে ফেলে দিয়েছে এবং মার্কিন বাহিনীকে সহযোগিতাকারী ৩শ' ইরাকি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। নথিতে দেখা যাচ্ছে, ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মার্কিন চেকপোস্টগুলোতেও অগণিত মানুষকে প্রাণ হারাতে হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ এ অভিযোগ বরাবরই অস্বীকার করলেও গোপন নথিতে অনুযায়ী, ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৯ হাজার। দুঃখজনক হলেও সত্য নিহতদের মধ্যে ৬৬ হাজার ৮১ জনই বেসামরিক মানুষ। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এসব নথিকে যুদ্ধাপরাধের প্রমাণ বলে উল্লেখ করেছেন। তবে পেন্টাগন এসব নথিকে একেবারের 'প্রাথমিক পর্যায়ের' প্রতিবেদন বলে দাবি করছে। মার্কিন তথ্যমন্ত্রী জিওফ মোরেল বলেন, "আইন ভেঙে এসব গোপন নথি প্রকাশ ও পুরো বিশ্বের সামনে উপস্থাপনের জন্য আমরা উইকিলিকসের নিন্দা জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৩১ঘ.