ওয়াশিংটন ,অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানকে ২শ' কোটি ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার একথা জানিয়েছেন।
তিনি বলেন, ইসলামি উগ্রবাদিতার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের চেয়ে আর কোনো ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নেই।
ওয়াশিংটনে মার্কিন-পাকিস্তান দ্বিপক্ষীয় কৌশলগত আলোচনার শেষ দিনে হিলারি পাকিস্তানকে সামরিক সাহায্যের এ প্রতিশ্র"তি দেন। বুধবার থেকে এ আলোচনা শুরু হয়েছে।
পাঁচ বছর মেয়াদে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত এ সামরিক সহায়তা পাবে পাকিস্তান।
পাকিস্তানের জন্য এ সাহায্য বিল পাশে ওবামা প্রশাসন কংগ্রেসের কাছে আবেদন করবে বলে জানিয়েছেন হিলারি।
এছাড়া, পাকিস্তানকে আরো সাড়ে ৭০০ কোটি ডলার বেসামরিক সহায়তা দেওয়ার বিষয়টি ইতোমধ্যে কংগ্রেসে অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি।
সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে পাকিস্তানের চেয়ে শক্তিশালী আর কোন মিত্র যুক্তরাষ্ট্রের নেই মন্তব্য করে হিলারি বলেন, উগ্রবাদীরা দুই দেশের জন্যই হুমকি।
তিনি আরো বলেন, পাকিস্তানে তৎপরতা চালানো জঙ্গিদলগুলো দমনে এ সপ্তাহে পাক-মার্কিন কর্মকর্তারা ফলপ্রসু আলোচনা করেছে।
ওদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, যারা মনে করে উগ্রবাদের বিরুদ্ধে ইসলামাবাদ লড়াইয়ে আন্তরিক না তাদের সমুচিত জবাব দেওয়ার সময় এখনই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১০৭ ঘ.
bdnews24