প্যারিস, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ।
শুক্রবার সকালে দাঙ্গা পুলিশ প্যারিসের কাছে একটি তেল শোধনাগার থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে দুই জন আহত হয়েছে।
ফ্রান্সের হাজার হাজার পেট্রোল স্টেশন জ্বালানি শূন্য হয়ে যাওয়ায় এ সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তেল শোধনাগার থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
শুক্রবার দিনের শেষভাগে পেনশন সংস্কার বিলটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য সিনেটে এটি নিয়ে ভোটাভুটির কথা রয়েছে।
এর আগে বিলটি পার্লামেন্টের নিুকক্ষে পাশ হয়েছে।
সরকারি চাকরিজীবীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর ও পূর্ণ অবসর গ্রহণের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার কথা রয়েছে বিলটিতে।
ফ্রান্সের বাজেট ঘাটতি কমাতে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
তবে এ পরিকল্পনার বিরুদ্ধে সরকারি চাকরিজীবীদের ট্রেড ইউনিয়নগুলোর চলমান আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে সেখানকার ছাত্র-ছাত্রীসহ অন্যান্য পেশাজীবীরা।
তেল শোধনাগারগুলোতে ১০ দিনের অবরোধে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। তাছাড়া ধর্মঘট-অবরোধে দেশটি কার্যত অচল হয়ে যাওয়ায় রাস্তায় ময়লা আবর্জনা জমে চারিদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।
শুক্রবার সিনেটে পেনশন সংস্কার বিলটি পাশ হয়ে গেলেও তা বাতিলের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বিক্ষোভকারীরা।
দেশটির প্রধান ছয়টি ইউনিয়ন আবারো দুই দিনের কঠোর কর্মসূচির ডাক দিয়েছে।
অভরি ইউনিয়নের প্রধান জ্যঁ ক্লদ মেইলি আরএমসি বেতারকে বলেন, "বিক্ষোভ শেষ হচ্ছে না। তবে আন্দোলনের ধরণ নিয়ে আমরা নতুন করে ভাবছি।"
তিনি বলেন, "কেবল বিক্ষোভই যথেষ্ট নয় বলে আমরা মনে করছি। আন্দোলনকে আরো জোরদার করতে হবে আমাদের।"
সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের একযোগে ধর্মঘটে নামার কথা ভাবছেন বলে জানান মেইলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬২৪ ঘ.
bdnews24