লন্ডন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে জুন পর্যন্ত এক বছরে সার্বিক অপরাধের ঘটনা আট শতাংশ কমলেও ধর্ষণসহ অন্যান্য যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে।
যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সহিংসতা, চুরি, গাড়ি চুরি এবং অন্যান্য অপরাধের ঘটনা কমেছে। বছর জুড়ে ৪৩ লাখ ৪০ হাজার অপরাধ ঘটেছে বলে জানানো হয়েছে।
তবে ধর্ষণের ঘটনা ১৬ শতাংশ বেড়ে ১৪ হাজারে এবং যৌন নিপীড়নের ঘটনা ছয় শতাংশ বেড়ে ৫৪ হাজার ৫ শ' হয়েছে বলে সরকারি ঐ প্রতিবেদনে বলা হয়েছে।
৩০ বছরের মধ্যে এটাই দেশটিতে সবচেয়ে কম অপরাধের হার।
তবে সরকারি ব্যয় সংকোচনের যে নীতি নেওয়া হয়েছে তাতে দেশে অস্থিরতার সৃষ্টি হতে পারে। তাতে অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যের চ্যান্সেলর জর্জ অসবোর্ন বুধবার পুলিশের বরাদ্দ চার শতাংশ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। এতে অনেক পুলিশ কর্মকর্তা চাকরি হারাতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪১০ঘ.
bdnews24