হ্যানয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামের লেম নদীতে ডুবে যাওয়া বাসটির ১৫ যাত্রীর মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ভিয়েতনামের মধ্যাঞ্চলের এক মহাসড়ক হতে তিন দিন আগে বন্যার পানিতে বাসটি ভেসে যায়।
ভিয়েতনামের 'ভিএনএক্সপ্রেস' নামক এক অনলাইন সংবাদপত্র একথা জানিয়েছে।
হ্যানয় হতে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া উদ্ধারকাজ দেখতে শত শত লোক পার্শ্ববর্তী পাহাড়ে ভিড় করে।
বাসটির অবস্থান সনাক্ত করার পর বাসের ভেতর থেকে ১০ টি মৃতদেহ এবং বাসের আশপাশে নদী থেকে বাকী ৫ টি মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
সংবাদপত্রটি জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৩৭ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৮ জন বাসটি ডুবে যাওয়ার সময় বেরিয়ে আসতে সক্ষম হয়। বাকী ৪ জনের সন্ধান মেলেনি।
এদিকে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ভিয়েতনামে গত সপ্তাহে ৫৪ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ হয় আরও ২০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/১৯০০ ঘ.
bdnews24