২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে হাজারেরও বেশি 'মুসলিম উগ্রপন্থী'

জার্মানিতে বর্তমানে এক হাজারেরও বেশি মুসলিম উগ্রপন্থী রয়েছে। দেশটিতে গত কয়েক বছর ধরে উগ্রপন্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 03:57 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

বার্লিন, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানিতে বর্তমানে এক হাজারেরও বেশি মুসলিম উগ্রপন্থী রয়েছে। দেশটিতে গত কয়েক বছর ধরে উগ্রপন্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। জার্মানির কেন্দ্রীয় অপরাধ বিষয়ক কার্যালয় (বিকেএ) বুধবার এ তথ্য প্রকাশ করেছে। বিকেএ তার শরৎকালীন কংগ্রেসে এক বিবৃতিতে জানায়, দেশটিতে মুসলিম উগ্রপন্থীদের তৎপরতা সংক্রান্ত ঘটনা তদন্তের সংখ্যা ২০০১ সাল থেকে বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত, ওই বছর ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে তার পরিকল্পনা জার্মানিতেই হয়েছিলো বলে ধারণা করা হয়। বিকেএ জানায়, জার্মানিতে বর্তমানে উগ্রবাদ সংক্রান্ত ৩৫২টি ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, দেশটিতে এক হাজারেরও বেশি উগ্রপন্থী রয়েছে এবং যে কোনো সময় সহিংস ঘটনা ঘটানোর মত প্রস্তুতিও তাদের রয়েছে। বিকেএ জানায়, জার্মান কর্তৃপক্ষ ১৩১ জন উগ্রপন্থিকে শনাক্ত করেছে। উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্ট আরো ২৭৪ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। আফগানিস্তানে আটক সন্দেহভাজন এক জার্মান উগ্রপন্থির কাছ থেকে ইউরোপে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এরপর গত কয়েক সপ্তাহ ধরে জার্মানিতে উগ্রপন্থি তৎপরতা নিয়ে আবারো বিতর্ক শুরু হয়েছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল গত শনিবার বলেন, জার্মানিতে বহুসাংস্কৃতিক সমাজ গঠনের প্রচেষ্টা 'পুরোপুরি ব্যর্থ হয়েছে'। অভিবাসীদের নিয়ে তথাকথিত 'বহুসাংস্কৃতিক' সমাজে সবাই একসঙ্গে সুখে শান্তিতে বসবাসের যে উদ্যোগ নেওয়া হয়েছিলো তা সফল হয়নি বলেও মন্তব্য করেন মেরকেল। এর আগে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা থিলো সারাজিন গত অগাস্টে প্রকাশিত এক বইয়ে জার্মান সমাজে বুদ্ধিবৃত্তির চর্চা কমে যাওয়ার জন্য মুসলমানদের দায়ী করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/কেএমএস/১০২৩ ঘ.