২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সবচেয়ে বড় ব্যয় হ্রাস পরিকল্পনা ঘোষণা

ব্রিটেন কয়েক দশকের মধ্যে সরকারি খাতে সবচেয়ে বড় ব্যয় হ্রাস পরিকল্পনা প্রকাশ করেছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

লন্ডন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ব্রিটেন কয়েক দশকের মধ্যে সরকারি খাতে সবচেয়ে বড় ব্যয় হ্রাস পরিকল্পনা প্রকাশ করেছে বুধবার। এ পরিকল্পনার আওতায় আগামী ৪ বছরে প্রায় ৫ লাখ চাকরি ছাঁটাই করাসহ জনকল্যাণ ব্যয় ও পুলিশ খাতে বাজেট কমানো হবে, বাড়ানো হবে অবসরভাতার বয়সও। যুক্তরাজ্যে রেকর্ড বাজেট ঘাটতি কমাতে এ পরিকল্পনা করেছে জোট সরকার। চ্যান্সেলর জর্জ অসবোর্ন পার্লামেন্টে পরিকল্পনা পেশ করেন। কয়েকমাসের তিক্ত আলোচনার পর শেষ পর্যন্ত অসবোর্ন নিশ্চিত করে জানালেন জুনের বাজেটে তিনি ব্যয় হ্রাসের যে রূপরেখা দিয়েছিলেন সে সবই বাস্তবায়ন করা হবে। তবে ব্যতিক্রম ঘটবে কেবল পুঁজি ব্যয়ের ক্ষেত্রে। বাজেট ঘাটতি সামাল দেওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন অসবোর্ন। ২য় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে এতো বড় ব্যয় সঙ্কোচন পরিকল্পনা এটিই প্রথম । জনখাতে ৮০ বিলিয়ন পাউন্ড ব্যয় সংকোচন পরিকল্পনা বাস্তবায়নে ৪ লাখ ৯০ হাজার চাকরি ছাঁটাইয়ের পদক্ষেপ নেবে সরকার। ২০১৪-১৫ সাল নাগাদ সরকারি খাতে চাকরিতে এ কাটছাঁট করা হবে। তাছাড়া, এ পরিকল্পনার আওতায় জনকল্যাণমূলক নানা সুযোগ সুবিধা কমবে। এ খাতে অতিরিক্ত ৭ বিলিয়ন পাউন্ড ব্যয় কমাচ্ছেন জর্জ অসবোর্ন। একইসঙ্গে পেনশন পাওয়ার বয়সও অবিলম্বে বাড়াবে। বিভিন্ন রাজ্যে নারী-পুরুষ উভয়েরই পেনশন গ্রহণের বয়স বাড়িয়ে ২০২০ সালের মধ্যে ৬৬ করা হবে। এতে করে বছরে ৫শ কোটিরও বেশি পাউন্ড সাশ্রয় হবে। অন্যদিকে, সরকারি বিভিন্ন বিভাগে ব্যয় কমবে। যেমন: স্বরাষ্ট্র বিভাগে ৬ শতাংশ, পররাষ্ট্র দপ্তরে ২৪ শতাংশ, রাজস্ব ও শুল্ক বিভাগে ১৫ শতাংশ ব্যয় কমানো হবে। কমন্স সভায় ব্যয় সঙ্কোচন পরিকল্পনা পুনপর্যালোচনার সময় অসবোর্ন এমপি দেরকে বলেন, "আজ ব্রিটেনের অর্থনৈতিক দুরবস্থার দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার দিন।" তিনি আরো বলেন, "আজকের এ পথ কুসুমাস্তীর্ণ না হলেও তা আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।" সরকারের চাকরি ছাঁটাই পরিকল্পনার সমালোচনা ইতোমধ্যেই করেছে ট্রেড ইউনিয়নগুলো। তবে ফ্রান্সের তুলনায় ব্রিটেনে কঠোর ব্যয়সঙ্কোচন পরিকল্পনার বিরুদ্ধে গণবিক্ষোভ দানা বাঁধেনি। ব্রিটেনে আগের কোনো সরকারই এত বড় ব্যয়হ্রাস পরিকল্পনা নেয়নি। এবারের জোট সরকার সে পদক্ষেপ নিলেও পরিকল্পিত ব্যয় হ্রাসের মাত্র অর্ধেকই হয়তো বাস্তবায়ন করতে পারবে। এমন কথাই বলছে ব্রিটিশ গবেষণা ও পরামর্শ দাতা প্রতিষ্ঠান দ্য 'ন্যাশনাল ইন্সটিটিউট অব ইকোনোমিক্স এন্ড সোশ্যাল রিসার্চ'। বিডিনিউজ টোয়েন্টিআের ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ ঘ.