২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, ভারত

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ ও ভারত। অন্যদিকে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে এ ঝুঁকি সবচেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 10:36 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

অসলো, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ ও ভারত। অন্যদিকে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে এ ঝুঁকি সবচেয়ে কম। বুধবার ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান 'ম্যাপলক্রফট' এর প্রকাশিত জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সূচকে একথা বলা হয়েছে। ম্যপলক্রফট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখে থাকা ১৭১ টি দেশের যে ক্রমতালিকা দিয়েছে তাতে দেখা গেছে, প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে ভারত। তাছাড়া, আগামী ৩০ বছরের মধ্যে আফ্রিকার বিশাল অঞ্চলসহ এশিয়ার উদীয়মান কয়েকটি বড় অর্থনৈতিক দেশও বিশ্ব ঊষ্ণায়নের বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বন্যা ও ঘূর্ণিঝড়ের মুখে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি। দারিদ্র আর নিু উপকূলীয় অঞ্চলই এ ঝুঁকির কারণ। অন্যদিকে, ১১০ কোটি জনসংখ্যার চাপে এ ঝুঁকির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে মাদাগাস্কার। এরপর যথাক্রমে নেপাল, মোজাম্বিক, ফিলিপাইন, হাইতি, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও মিয়ানমারের অবস্থান। আর বন্যাদুর্গত পাকিস্তান রয়েছে ১৬ তম অবস্থানে। ১৭১ টি দেশ নিয়ে তৈরি এ সূচকের সর্বশেষ অবস্থানে রয়েছে নরওয়ে। নরওয়ের পর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলো হচ্ছে যথাক্রমে ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও ডেনমার্ক। এ সূচক তৈরিতে কোনো দেশে খরা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের আশঙ্কা এবং দারিদ্র ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশটির সামর্থ্যকে বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া, একটি দেশের জনসংখ্যা, অভ্যন্তরীণ কোন্দল, কৃষিনির্ভরতার মাত্রা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বিবেচনা করেও এ সূচক তৈরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৩ ঘ.