বেইজিং, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতি সংস্কৃতি রক্ষার দাবি ও ভাষা ব্যবহার নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে চীনের পশ্চিমাঞ্চলের শহর টংগ্রেনে হাজার খানেক তিব্বতি ছাত্র বিক্ষোভ করেছে। স্থানীয় বাসিন্দা ও একটি মানবাধিকার সংস্থা বুধবার একথা জানিয়েছে।
টেলিফোনে স্থানীয় বাসিন্দা ও লন্ডন ভিত্তিক 'ফ্রি তিব্বত' প্রচারকারী গোষ্ঠী জানায়, তিব্বতি ছাত্ররা মঙ্গলবার কোনো ধরনের পুলিশি বাধা ছাড়াই টংগ্রেন যা রেবকং নামে পরিচিত শহরটিতে বিক্ষোভ মিছিল করেছে।
চীনের কিংগাই প্রদেশের এ শহরটিতেই তিব্বতিদের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা জন্মগ্রহণ করেন।
স্থানীয় তিন বাসিন্দা টেলিফোনে জানান, বিক্ষোভকারী ছাত্ররা এ সময় তাদের সংস্কৃতি রক্ষার দাবিতে স্লোগান দেয়।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, "এতে পুলিশ কোনো বাধা দেয়নি।"
তিনি আরো বলেন, "সরকারি কর্মকর্তারা এসে আলোচনা করার পর বিকেলে বিক্ষোভকারীরা বাড়ি ফিরে গেছে।"
তবে রয়টার্স থেকে যোগাযোগ করা হলে টংগ্রেন ও কিংগাইয়ের স্থানীয় সরকারের কোনো কর্মকর্তা এ বিক্ষোভ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৪ঘ.
bdnews24