২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এবছর ২শ' কোটি ছাড়াবে

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এ বছর ২শ কোটি ছাড়িয়ে যাবে। বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের কাছে পৌঁছে যাবে এ সেবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

জেনেভা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এ বছর ২শ কোটি ছাড়িয়ে যাবে। বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের কাছে পৌঁছে যাবে এ সেবা। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উন্নয়নশীল দেশগুলোকে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে জোর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের একটি সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) জানিয়েছে, বিশ্বের আনুমানিক ৬ দশমিক ৯ বিলিয়ন জনসংখ্যার তুলনামূলক হিসাবে গত পাঁচ বছরে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আইটিইউ এর প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এখন বেশি হওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। এবছর বিশ্বে ২২৬ মিলিয়ন নতুন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে উন্নয়নশীল বিশ্ব থেকেই যোগ হবে ১৬২ মিলিয়ন ব্যবহারকারী। তবে ২০১০ সালের শেষ নাগাদ উন্নয়নশীল দেশগুলোর ২১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করবে। আর উন্নত বিশ্বে এ সংখ্যা মোট জনসংখ্যার ৭১ শতাংশে দাঁড়াবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। অঞ্চলভেদে ইন্টারনেট ব্যবহারে তারতম্য ঘটার কথাও জানিয়েছে আইটিউ। যেমন: যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে, ইউরোপে এ হার প্রায় ৬৫ শতাংশ। অন্যদিকে, আফ্রিকার মোট জনসংখ্যার ৯ দশমিক ৬ শতাংশ আর এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২দশমিক ৯ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে উচ্চ-গতির ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এ দেশগুলোতে স্কুলে, কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় ইন্টারনেটের ব্যবস্থা করা কঠিন। কারণ, এ অঞ্চলে মাত্র ১৩ দশমিক ৫ শতাংশ মানুষের বাসায় ইন্টারনেট আছে। যেখানে উন্নত দেশগুলোতে এ হার ৬৫ শতাংশ। গত সপ্তাহে জাতিসংঘের আরেকটি সংস্থা পরিচালিত জরিপে দেখা গেছে, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেটের চেয়ে মোবাইল ফোন অনেক বেশি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১০৭ ঘ.