২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজির অস্বাভাবিক প্রবাহ, দায়ী যুক্তরাষ্ট্র: বিশ্বব্যাংক

বাজারে পুঁজির অস্বাভাবিক প্রবাহ এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে সতর্ক করে দিয়ে বিশ্বব্যাংক মঙ্গলবার এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

টোকিও, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বাজারে পুঁজির অস্বাভাবিক প্রবাহ এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে সতর্ক করে দিয়ে বিশ্বব্যাংক মঙ্গলবার এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইথনার বিশ্বে মুদ্রা নিয়ে বিতর্ক সামাল দিতে ডলারের অবমূল্যায়ন না করার অঙ্গীকার করার একদিন পর এ নিয়ে মন্তব্য করলো বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের বর্তমান মুদ্রানীতি নিয়ে চীন ও অন্যান্য দেশগুলো যে অভিযোগ করে আসছে বিশ্বব্যাংক প্রকারান্তরে তাতেই সায় দিয়েছে। চীন ও অন্যান্য দেশগুলোর অভিযোগ, যুক্তরাষ্ট্র দ্রুত মুনাফা সৃষ্টিকারী বাজারে প্রচুর পুঁজি ঢালছে আর এর মাধ্যমে রপ্তানী বাজারের প্রতিযোগিতায় অন্যান্য দেশগুলো তাদের সুবিধাজনক অবস্থান হারাচ্ছে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে। বিশ্বব্যাংকের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ বিক্রম নেহেরু টোকিওতে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের মুদ্রানীতিতে শৈথল্যের কারণে পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে আমরা মুদ্রা তারল্যের আধিক্য দেখতে পাচ্ছি। টোকিওতে বিশ্বব্যাংকের একটি অর্ধবার্ষিক প্রতিবেদন তুলে ধরেন নেহেরু। প্রতিবেদনে , ১৯৯৭/৯৮ সালে এশিয়ার অর্থনৈতিক বিপর্যয় থেকে নীতিনির্ধারকদের শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় পুঁজির অস্বাভাবিকতার কারণে মুদ্রা বাজারে ধ্বস নেমেছিল । মাত্র এক যুগের ব্যবধানে যাতে একই ভুল পুনরায় না হয় এ বিষয়টি নিশ্চিত করার জন্য পূর্ব এশিয়া কর্তৃপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০০৭ ঘ.