২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীব বৈচিত্র্য রক্ষায় আশু ব্যবস্থা প্রয়োজন: জাতিসংঘ

প্রকৃতির প্রাণ প্রাচুর্য হারিয়ে যেতে দিতে পারে না বিশ্ব। জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যেই বিলুপ্তির হুমকির মুখে পড়া জীব-বৈচিত্র্যকে রক্ষায় তাই আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

জাপান, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রকৃতির প্রাণ প্রাচুর্য হারিয়ে যেতে দিতে পারে না বিশ্ব। জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যেই বিলুপ্তির হুমকির মুখে পড়া জীব-বৈচিত্র্যকে রক্ষায় তাই আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশ্বে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তি মোকাবেলায় সোমবার জাপানের নাগোয়াতে আয়োজিত বৈঠকের শুরুতে একথা বলেছে জাতিসংঘ। দু'সপ্তাহের এ গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান আকিম স্টেইনার বলেন, "এই ধরায় আমরা প্রাণ ধ্বংস করছি-- এ সহজ সত্যটিকে আমাদের সবার সামনে তুলে ধরার প্রয়াসেই এ বৈঠক।" বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে, ৬৫ মিলিয়ন বছর আগে ডাইনোসরের বিলুপ্তির পর বতর্মানে জীব বৈচিত্র্য বিলুপ্তির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ সঙ্কট নিরসনে সরকার, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের জনগণের এগিয়ে আসা প্রয়োজন। আর তাই রাষ্ট্র ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে আশু পদক্ষেপ নিতে উদ্যোগী করে তোলাই বৈঠকের লক্ষ্য। ২০০ টির ও বেশি দেশের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নিচ্ছে। পৃথিবীতে মানবজাতির জন্য পরিবেশ যেমন: বন, নদী প্রবাল দ্বীপ, মহাসাগরকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতিসংঘ বলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটাতে পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের সরকার এবং করপোরেশনগুলোর যাথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। এ মাসে জাতিসংঘের উদ্যোগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ২০০৮ সালে শুধুমাত্র মানুষের বিভিন্ন কর্মকান্ডের কারণে বিশ্বে পরিবেশের ক্ষতি হয়েছে মোট ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের। এ অর্থমূল্য বিশ্বের মোট দেশীয় উৎপাদনের ১১ শতাংশ। পরিবেশের পারিপার্শ্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া আরো স্থিতিশীল হলে জলবায়ুর নানা পরিবর্তন যেমন: খরা, বন্যা এমনকি দারিদ্র্যও দূর করা সম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ। ২০১০ সালের মধ্যে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বিলুপ্তি উল্লেখযোগ্যহারে কমিয়ে আনতে বিশ্ব ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। ফলে এবারের বৈঠকে ২০২০ সালের মধ্যে নতুন করে এ লক্ষ্যমাত্রা নিতে প্রতিনিধিদের একাট্টা করার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১২১ ঘ.