কাবুল, অক্টোবর ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি বাড়িতে বহাল তবিয়তে বাস করছেন। আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির কাছাকাছিই আছেন তিনি।
এক ন্যাটো কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন সোমবার এ খবর জানিয়েছে।
সিএনএন জানায়, স্থানীয় জনগণ ও পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর কয়েকজন সদস্য লাদেনকে লুকিয়ে থাকতে সহায়তা করছে। আর লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরিও তার কাছাকাছিই থাকেন।
কাবুলের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর ঐ শীর্ষ কর্মকর্তা বলেছেন, "আল-কায়েদার কেউই গুহায় বাস করছেন না।"
এছাড়া, গত কয়েক মাসে পাকিস্তানের কোয়েটা ও করাচির মধ্যে তালেবান নেতা মোল্লা ওমরের আনাগোনা ছিল বলে নিশ্চিত করে জানিয়েছেন ঐ কর্মকর্তা।
সিএনএন এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নাইন/ইলেভেন হামলার হোতা হিসাবে লাদেনকে নয় বছর ধরে খুঁজছে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দিতে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার হোতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা লাদেনের অবস্থানের এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
সূত্র : এএফপি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৩২ ঘ.
bdnews24