মুম্বাই , অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ভারতে ২০০৮ সালে মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামি আজমল কাসাবের আপিলের শুনানি শুরু হয়েছে সোমবার।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুম্বাইয়ের উচ্চ আদালতে দুজন বিচারকের বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কাসাবের আপিলের শুনানি শুরু করেছে।
পাকিস্তানের নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাব আদালতে আনীত সব অভিযোগেই দোষী সাব্যস্ত হলে মে মাসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিরীহ মানুষ হত্যা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে কাসাবের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত ২২ বছরের কাসাবকে সরাসরি আদালতে হাজির করা হয়নি।
নিরাপত্তার দিকটি বিবেচনা করে কারাগারে আটক কাসাবের সাক্ষ্য ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়।
ভিডিওতে তাকে মাঝে মাঝে হাসতে দেখা গেছে।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে ভারতীয় আইনে উচ্চ আদালতের রায়ের পর সুপ্রিম কোর্টে আবেদন করা যায় এবং সর্বশেষ রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ বন্দুকধারী ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় প্রায় ১৭০ জন নিহত হয়। কাসাব ছাড়া বাদবাকি সব জঙ্গিই হামলার সময় নিহত হয়।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24