করাচি, পাকিস্তান, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। কিন্তু তারপরও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এর আগে পুলিশ শনিবার রাতে ১ কোটি ৮০ লাখ মানুষের শহর করাচির কয়েকটি এলাকায় অস্ত্রধারীদের গুলিতে ২২ জন নিহত হওয়ার কথা জানায়।
'মুত্তাহিদা কওমি মুভমেন্ট'র (এমকিউএম) এমপি রাজা হায়দার গত অগাস্টে অস্ত্রধারীদের গুলিতে নিহত হওয়ায় প্রাদেশিক সংসদের একটি আসন শূন্য হয়ে যায়। রোববার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রাজা হায়দার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে সপ্তাহব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নিহত হয়েছিল কমপক্ষে ১০০ জন।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সগির রয়টার্সকে বলেন, রোববারের উপনির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রধারীরা শহরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানের সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচিতে এমকিউএম সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল।
এ দলের প্রতিপক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) উপ-নির্বাচন বয়কট করেছে। এমকিউএম ভোট ডাকাতি করবে অভিযোগে তারা নির্বাচন বয়কট করে।
ওদিকে, নির্বাচনপূর্ব সহিংসতায় হত্যাকাণ্ডের জন্য এএনপি'র বিরুদ্ধে অভিযোগ করেছে এমকিউএম।
নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পরপরই নির্বাচন বানচাল করতে এনএনপি'র সন্ত্রাসীরা নীরিহ মানুষদের হত্যা করতে শুরু করেছে এবং এতে এমকিউএম কর্মীসহ ২৫ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে এমকিউএম।
তবে এএনপি এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/সিআর/১২৩৮ঘ.
bdnews24