জেরুজালেম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্যারিসে এ মাসের শেষ নাগাদ শান্তি সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা পিছানো হয়েছে। এখন নতুন দিন নির্ধারণের অপেক্ষায় আছে ইসরায়েল।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে অক্টোবরের শেষ নাগাদ প্যারিসে প্রস্তুতিমূলক বৈঠকে মিলিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। যদিও আলোচনার কোনো তারিখ এখনো নির্ধাারিত হয়নি।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যৌথ আলোচনার পরিপ্রেক্ষিতে প্রারম্ভিক আলোচনার জন্য একটি নতুন দিন নির্ধারণের ব্যাপারে সমঝোতা হয়েছে।
এতে আরো বলা হয়, আগের নির্ধারিত ২১ অক্টোবরের বৈঠক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখন সবার জন্যই কার্যকর একটি নতুন দিন নির্ধারণের অপেক্ষায় আছি।
এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, "এখনো কোনো নির্দিষ্ট তারিখ না থাকায় আমরা সব পক্ষের সুবিধাজনক একটি তারিখ চাচ্ছি।"
সেপ্টেম্বরে সারকোজি আলোচনার আমন্ত্রণ জানানোর সময় বলেন, নভেম্বরের শেষদিকে ইউরোপীয় ও ভূ-মধ্যসাগরীয় দেশগুলোর নেতারাসহ মধ্যপ্রাচ্য নেতাদের নিয়ে প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সে সম্মেলনের প্রস্তুতির জন্য অক্টোবরের মধ্যে এ বৈঠক অনুষ্ঠানের কথা বলেন তিনি।
ওদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ০২ সেপ্টেম্বর ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু হয়।
কিন্তু ২৬ সেপ্টেম্বর পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের ১০ মাসের স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে ফিলিস্তিনের দাবি অনুসারে ইসরায়েল স্থগিতাদেশের মেয়াদ না বাড়ানোয় শান্তি আলোচনা নিয়ে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১২২৯ ঘ.
bdnews24