কোপিয়াকো, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির ধসে পড়া খনিতে ৬৯ দিন আটকে থাকার পর বের হয়ে আসা ৩৩ খনি শ্রমিক একে একে ঘরে ফিরতে শুরু করেছে।
বৃহস্পতিবার দিনের শেষভাগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া তিন খনি শ্রমিককে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে স্বাগত জানায় প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা। প্রথমজন ইতোমধ্যেই বাড়ি ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন।
ডাক্তাররা বলেছেন, প্রাথমিক চিকিৎসায় সব শ্রমিকেরই শারিরীক অবস্থার যথেষ্ট উন্নতি লক্ষ করা গেছে। তাদের অনেকেই শুক্রবার বাড়ি ফিরতে পারবেন।
এর আগে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা তাদের সঙ্গে সাক্ষাৎ করে চিলিতে অমানবিক কাজের পরিবেশ দূর করার প্রতিশ্র"তি দেন।
কোপিয়াকো হাসপাতালের উপপরিচালক ড. জর্জ মন্টে বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া তিন শ্রমিক শারীরিক পরিশ্রম করতে পারবে। কেবল তীব্র রোদে গেলে তাদের রোদ চশমা পরার প্রয়োজন হবে বলে জানান তিনি।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, "তাদের মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি না।"
বাড়ি ফিরে শ্রমিক এডিসন পেনা বলেন, "ঘরে ফিরতে পেরে চমৎকার লাগছে। আমি ভেবেছিলাম আর কখনো ফিরে আসতে পারবো না।"
৫২ বছর বয়সী হুয়ান ল্যানেস নামের অপর শ্রমিক প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে আমোদে মেতে উঠে বলেন, "এটা সত্যিই অবিশ্বাস্য।"
হাসপাতাল থেকে ছাড়া পাওয়া তৃতীয়জন বলিভিয়ার নাগরিক কার্লোস মামানি একমাত্র বিদেশি।
বাড়ির বাইরে দাঁড়িয়ে ২৪ বছর বয়সী কার্লোস বলেন, "আমাদের উদ্ধার অভিযানে চিলির সব মানুষ আন্তরিকভাবে চেষ্টা করেছে। চিলি দীর্ঘজীবী হোক! বলিভিয়া দীর্ঘজীবী হোক!"
গত ৫ আগস্ট চিলির সান হোসে মাইন ধসে ভূ-পৃষ্ঠের ২ হাজার ৫০ ফুট গভীরে আটকা পড়ে এ ৩৩ খনি শ্রমিক। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর ১৩ অক্টোবর উদ্ধার অভিযান চালিয়ে খনি থেকে তাদের বের করে আানা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৬ ঘ.
bdnews24