২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা নয়, আশার আলোয় পথ চলুন: আব্বাস

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ব্যর্থতাকে বড় করে না দেখে আশা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

রামাল্লাহ , অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ব্যর্থতাকে বড় করে না দেখে আশা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। থমকে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করতে যুক্তরাষ্ট্র বসতিস্থাপন বন্ধে ইসরায়েলকে রাজি করাতে পারবে এবং পরিস্থিতি বদলাবে বলে বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন তিনি। আব্বাস বলেন, ইসরায়েল এখনো অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রেখে শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করছে। তবে এ পরিস্থিতি বদলাবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, "আসুন আমরা ব্যর্থতার দিকটিকে আমল না দিয়ে আশার আলোয় পথ চলি।" ইহুদি বসতিস্থাপন বন্ধ রাখার ১০ মাস সময়সীমা শেষের পর ইসরায়েল আবার নতুন করে বসতিস্থাপন শুরু করায় ফিলিস্তিন ২ সেপ্টেম্বরে শুরু হওয়া শান্তি আলোচনা বন্ধ রেখেছে। এ সপ্তাহের সোমবার ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে নতুন করে ইহুদি বসতিস্থাপন বন্ধের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এক সংবাদ সম্মেলনে আব্বাস তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন নিয়ে বিরোধের কারণে স্থবির হয়ে আছে ইসরায়েল- ফিলিস্তিনের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৪৫ ঘ.