ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ দশমিক ৮ ইঞ্চি উচ্চতা নিয়ে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ এখন নেপালের খগেন্দ্র থাপা মগর।
১৮ বছরের খগেন্দ্রকে বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই স্বীকৃতি দিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানায়।
খগেন্দ্রর আগে এই স্বীকৃতি ছিলো কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের। তবে নানা পরীক্ষার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দেখতে পেয়েছে ২৪ বছর বয়সি এডওয়ার্ডের চেয়ে খগেন্দ্র দুই ইঞ্চি ছোট।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক বিবৃতিতে বলা হয়েছে, "খগেন্দ্রকে পরীক্ষা করতে যাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারকেরা আজ (বৃহস্পতিবার) বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের জায়গায় তার নাম ঘোষণা করেছে।"
এ সপ্তাহে নেপালে গিয়ে খগেন্দ্রের সঙ্গে দেখা করে তার নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন বিচারকরা। খগেন্দ্রর ওজন সাড়ে পাঁচ কিলোগ্রাম।
নেপালের পল্লীতে জন্ম নেওয়া এবং সেখানেই বেড়ে ওঠা খগেন্দ্রর বাবা একজন ফল বিক্রেতা।
নিজের এ খর্বাকৃতি নিয়ে খগেন্দ্রর আক্ষেপ নেই, বরং বিয়ে করে স্ত্রীর হ্যান্ডব্যাগে করে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন খগেন্দ্র।
তিনি বলেন, "আগামী দুই বছরের মধ্যে আমি বিয়ে করার আশা করছি। আমি বউয়ের হ্যান্ডব্যাগে বসে থেকে বিশ্বভ্রমণ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24