লিমা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পেরুর 'শাইনিং পাথ' মাওবাদী গেরিলা গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঐ অভিযানে পুলিশের হাতে দুই মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যম বুধবার জানিয়েছে।
'পেরু ২১' তাদের ওয়েবসাইটে হুয়ালাগা অঞ্চলের পুলিশ প্রধান মারলন সাভিৎজকির বরাত দিয়ে জানিয়েছে, 'কমরেড ইজুলা' নামে পরিচিত এদগার মেজিয়াকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
সাভিৎজকি জানান, এ গেরিলা নেতা গত কয়েক বছরে পুলিশের সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলো বলে সন্দেহ করা হয়। ওইসব যুদ্ধে ১১ পুলিশ কর্মকর্তা ও অ্যাটর্নির দপ্তরের এক প্রতিনিধি নিহত হয়েছে।
১৯৮০ ও ৯০'র দশকে শাইনিং পাথ গেরিলা গোষ্ঠী সরকারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম গড়ে তোলে। কিন্তু বর্তমানে এই গেরিলা গোষ্ঠীর অধিকাংশ নেতাই ধরা পড়েছেন।
দীর্ঘমেয়াদে সরকারকে অস্থিতিশীল করার মতো কোনো শক্তি আর এই গোষ্ঠীটির নেই। পেরুর আলতো হুয়াল্লাগা অঞ্চলটি কোকা চাষের জন্য পরিচিত।
প্রায়ই ওই অঞ্চলে মাদকচোরাকারবারীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই মাদক (কোকেইন) চোরাকারবারীদের সঙ্গে 'শাইনিং পাথ'র সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ।
পেরুর নিরাপত্তা বাহিনী কোকা উৎপাদক ওই অঞ্চলকে সহিংসতা প্রবণ এলাকা বলে বিবেচনা করে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৪৫ঘ.
bdnews24