২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক জীবন ফিরে পাবে খনি শ্রমিকরা?

আপনজনেরা হাসিমুখ আর আনন্দাশ্র" নিয়ে বুকে জড়িয়ে ধরছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। বাঁধ-ভাঙা উল্লাসে মুখরিত চিলির দুর্ঘটনাকবলিত খনি মুখের চারপাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চিলি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপনজনেরা হাসিমুখ আর আনন্দাশ্র" নিয়ে বুকে জড়িয়ে ধরছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। বাঁধ-ভাঙা উল্লাসে মুখরিত চিলির দুর্ঘটনাকবলিত খনি মুখের চারপাশ। কিন্তু মনোবিজ্ঞানীরা ভাবছেন অন্য কথা। তারা আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে তো? দু'মাসের বেশি সময় ধরে ভূ-পৃষ্ঠের ৭০০ মিটার গভীরে আটকে থাকা মানুষগুলোর জীবন ধারা বদলে যেতে পারে বলেই মনে করছেন মনোবিজ্ঞানীরা। উদ্ধারের পর পরিবার-পরিজনদের ফিরে পেয়ে আবেগাল্পুত মুহূর্ত ও গণমাধ্যমের হুড়োহুড়িতে কাটানো কয়েক মুহুর্তের পর তারা যখন সত্যিকার জীবনের দিকে ছুটবে তখন তাদের কী অবস্থা হবে ? ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মনোবিজ্ঞানের সিনিয়র লেকচারার ড. জেমস থম্পসন বলেছেন, পরবর্তীতে তারা অবসাদ, দুশ্চিন্তা ও ঘুমের সমস্যায় পড়তে পারে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিকতা নষ্ট হতে পারে বলেও আশঙ্কা আছে। তাছাড়া, মাটির নিচে দীর্ঘ অবস্থানের দুঃসহ স্মৃতি বারবারই মনোপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের জন্য। বন্দি হয়ে থাকার অনুভূতি, মাটির গন্ধ বারবার মনে পড়তে থাকলে মুক্ত অবস্থাতেও তাদের মনে হতে পারে যেন তারা ওখানেই আটকা পড়ে আছে। ২০০৬ সালে দুই মাসের জন্য অস্ট্রেলিয়ার এক কয়লা খনিতে আটকা পড়া ব্র্যান্ট ওয়েব নামের এক শ্রমিক বিবিসিকে বলেন, "যারা আটকা পড়েছিল তারা কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না।" তবে মনোবিজ্ঞানীরা এও বলছেন যে, মাটির নীচে অনেকের সাথে একসঙ্গে আটকা থাকার কারণে বেঁচে থাকার জন্য যে টীম স্পিরিট কাজ করেছে তা মানসিক সমস্যা কাটিয়ে উঠতে সহায়কও হতে পারে। মনোবিজ্ঞানী ক্রিস্টোফার ফিন্ডলে বলেন, শ্রমিকদের এ অভিজ্ঞতা এখন নির্ভর করবে তাদের আগে থেকে কোনো মানসিক সমস্যা আছে কিনা তার ওপর। কারো ইতোপূর্বে শৈশবের কোনো ট্রমা থেকে থাকলে বা আগে ঘটা কোনো খনি দুর্ঘটনার স্মৃতি থাকলে মানসিক চাপের কারণে এ ঘটনায় নতুন করে সমস্যা দেখা দিতে পারে। সূত্র: বিবিসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৮ ঘ.