অক্টোবর ১৩, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিয়ানমারের গণতন্ত্রপন্থি গৃহবন্দী নেত্রী অং সান সু চি আগামী ৭ নভেম্বর সাধারণ নির্বাচনে ভোট দেবেন না।
সু চির আইনজীবী নিয়ান উইন বলেছেন, ভোটার তালিকায় তার নাম থাকলেও সেনা আয়োজিত নির্বাচনে তিনি অংশ নেবেন না।
মিয়ানমারে এর আগে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু সামরিক সরকার ওই ফল বাতিল করে। এরপর থেকেই সু চিকে ক্রমাগত আটক করে রাখছে জান্তা সরকার।
এ নির্বাচনকে অনেকেই লোকদেখানো বলে মনে করছেন যা মূলত মিয়ানমারে সামরিক শাসনকেই আরো দীর্ঘায়িত করবে।
নতুন সংবিধান অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ আসন সামরিক কর্মকর্তাদের জন্য নিশ্চিত করা হয়েছে। এর মানে নির্বাচিত না হয়েও সামরিক কর্মকর্তারা পার্লামেন্টে আসন পাবেন।
তাছাড়া, অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার 'ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি' নামে নতুন রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছে।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24