২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানবুকার পেলেন হাওয়ার্ড জ্যাকবসন

ম্যানবুকার ২০১০ পেলেন ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন। তার হাস্যরসাত্মক উপন্যাস 'দ্য ফিঙ্কলার কোশ্চেন'র জন্য মঙ্গলবার তিনি সাহিত্যের এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 03:42 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

লন্ডন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ম্যানবুকার ২০১০ পেলেন ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন। তার হাস্যরসাত্মক উপন্যাস 'দ্য ফিঙ্কলার কোশ্চেন'র জন্য মঙ্গলবার তিনি সাহিত্যের এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন। তবে এবারই প্রথমবারের মতো কোনো হাস্যরসাত্মকধর্মী উপন্যাসের জন্য এ পুরস্কার দেওয়া হলো। ৬৮ বছর বয়সী এই লেখক ও সমালোচক পুরস্কার প্রাপ্তির আলোচনার দৌড়ে অনেক পিছিয়ে ছিলেন। এবারের বুকার পুরস্কারের জন্য টম ম্যাকার্থির 'সি' ফিকশনটি অনেক বেশি আলোচিত ছিল। প্রায় ধরেই নেয়া হয়েছিল 'সি' এবারের বুকার জয় করতে যাচ্ছে। কিন্তু বিচারকরা শেষ পর্যন্ত জ্যাকবসনের রচনাকেই বেছে নেন। জ্যাকবসন ২৭ বছর বয়সে প্রথম উপন্যাস লেখেন। তিনি জানান, এই পুরস্কারটি অর্জন করতে পারলে অনেক রোমাঞ্চিত হবেন বলে ভেবেছিলেন সেই সময়েই। সে সময় থেকে এখন ৪২ বছর পেরিয়ে গেছে। আজ তা সত্যি হয়েছে। বিচারকমণ্ডলীর প্রধান কবি অ্যান্ড্রু মোশন জানান, জ্যাকবসনের উপন্যাসটিকে বিশুদ্ধ হাস্যরসাত্মক পর্যায়ে ফেলে বিচার করলে ভুল হবে। তিনি বলেন, "এটি হাসির তবে তা অন্ধকারের।" এ পুরস্কারের জন্য জ্যাকবসন পাবেন ৮০ হাজার মার্কিন ডলার। কিন্তু অর্থমূল্যই বুকারের মূল আকর্ষণ নয়। যে বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়, বিশ্বব্যাপী সেই বইটির লাখ লাখ কপি বিক্রি নিশ্চিত ধরে নেয়া যায়। এ থেকে লেখক যে সম্মানী অর্জন করেন তা প্রায় দানবীয়। গত বছর হিলারি ম্যানটেলের ফিকশন 'উলফ হল' শুধু ব্রিটেনেই বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি কপি। কমনওয়েলথভুক্ত ও আয়ারল্যান্ডের ইংরেজি ভাষায় লেখা ফিকশনের জন্য এই পুরস্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৮ঘ.