বিশকেক, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে রাত ৮টা পর্যন্ত।
এ নির্বাচনের মধ্য দিয়ে মধ্যএশিয়ার কোনো দেশ হিসেবে কিরগিজস্তানেই প্রথম সংসদীয় গণতন্ত্র চালু হতে যাচ্ছে।
নির্বাচনে ২৯টি দল অংশ নিচ্ছে। সংসদের ১২০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজারেরও বেশি প্রার্থী।
পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচনে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই।
গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলে কিরগিজ ও উজবেকদের মধ্যে জাতিগত সহিংসতায় ৪শ' মানুষ নিহত হওয়ার পর এটাই সে দেশের সরকার গঠনের প্রথম নির্বাচন।
রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জুনে সংবিধানে সংশোধনী আনে কিরগিজস্তান।
গত এপ্রিলে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুৎ হন দেশটির সাবেক প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ।
নির্বাচনকে ঘিরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ওশ ও জালালাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জুনে এ দুটি শহরেই জাতিগত সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলো।
কিরগিজস্তানের অর্ন্তর্বতীকালীন সরকারের প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা নির্বাচনের আগে এক টেলিভিশন ভাষণে বলেন, "আমরা কেবল একটি পার্লামেন্ট নির্বাচন করছি না, একটি নতুন সরকার ব্যবস্থাও চালু করছি। কিরগিজস্তানের ইতিহাসে আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১০৩৮ ঘ.
bdnews24