২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে আরও বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা

হাঙ্গেরিতে দুর্ঘটনার শিকার অ্যালুমিনা কারখানার সংরক্ষণাধারের আরেকটি দেয়াল ভেঙে নতুন করে আরও বিষাক্ত রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই নিকটবর্তী গ্রামগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 04:57 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

বুদাপেস্ট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাঙ্গেরিতে দুর্ঘটনার শিকার অ্যালুমিনা কারখানার সংরক্ষণাধারের আরেকটি দেয়াল ভেঙে নতুন করে আরও বিষাক্ত রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই নিকটবর্তী গ্রামগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান শনিবার এ আশঙ্কার কথা জানিয়েছেন। গত সোমবার হাঙ্গেরির এক অ্যালুমিনা কারখানার বর্জ্য সংরক্ষণাধার ভেঙে প্রায় ১০ লাখ কিউবিক মিটার বিষাক্ত তরল কয়েকটি গ্রাম ও আশপাশের নদীতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৭ জন নিহত এবং ১২৩ জন আহত হয়েছে। এছাড়া দানিয়ুবের স্থানীয় এক শাখা নদীসহ আরো কয়েকটি নদীর পানি দূষিত হয়েছে। ওরবান জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ কারখানার সংরক্ষণাধারের আরেকটি দেয়াল ভেঙে আরও ৫ লাখ কিউবিক মিটার বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এক সংবাদ সম্মেলনে ওরবান বলেন, "গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন যে, সংরক্ষণাধারের উত্তরের দেয়ালটিতে ফাটল দেখা দিয়েছে। ওপাশের কোণাটি ভেঙে গেছে, এর ফলে পুরো দেয়ালটিই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।" ওরবান আরো জানিয়েছেন, ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ কোলোনতার গ্রাম হতে ৭১৫ জনকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি এড়াতে আজকা শহর হতেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২২৫৩ ঘ.