অসলো, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন চীনের কারাবন্দি মানবাধিকার কর্মী লিউ জিয়াবো। নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার কমিটি শুক্রবার তার নাম ঘোষণা করেছে।
শান্তির সঙ্গে মানবাধিকারের ঘনিষ্ঠ যোগসূত্রে বিশ্বাসী নোবেল কমিটি চীনে মৌলিক মানবাধিকারের জন্য লিউ এর দীর্ঘ অহিংস সংগ্রামের কারণে তাকে এ পুরস্কারে ভূষিত করেছে।
বিশ্বমঞ্চে বৃহত্তর ভূমিকায় বেইজিংয়ের উত্থানের এ সময়ে লিউয়ের নোবেল জয়ে নতুন করে সামনে এসেছে চীনের মানবাধিকার পরিস্থিতি।
গত ডিসেম্বরে গণতন্ত্রপন্থী লিউকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীন সরকার।
চীনে মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি ম্যানিফেস্টো তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেন লিউ। এতে চীনে বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন আহ্বানসহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবিও জানানো হয়।
ফলে চীন সরকারের রোষানলে পড়ে কারাবরণ করতে হয় ৫৪ বছর বয়সী লিউকে।
১৯৮৯ সালে চীনে তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভে সম্মুখ সারির নেতা ছিলেন লিউ। সে সময়ও কারাদণ্ড এবং গৃহবন্দিত্বের মুখে পড়েন তিনি।
নোবেল কমিটি জানিয়েছে, চীন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে বরাবরই জোরকণ্ঠে প্রতিবাদ জানিয়ে আসছেন লিউ।
তাকে দেওয়া সাজা চীনের সংবিধান এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে সমালোচনা করেছেন তিনি।
পুরস্কার হিসাবে লিউ ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ ডলার) পাচ্ছেন।
"এ পুরস্কার কেবল জিয়াবোরই নয়, চীনে মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য কাজ করে যাওয়া প্রতিটি মানুষের"--- এক টেলিফোন সাক্ষাৎকারে আবেগাপ্লুত কন্ঠে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন লিউ জিয়াবোর স্ত্রী জিয়া।
ওদিকে, চীন লিউয়ের এ পুরস্কার জয়কে নোবেলের নীতি পরিপন্থী বলে মন্তব্য করেছে এবং এতে করে চীনের সঙ্গে নরওয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে হুঁশিয়ার করেছে।
এর জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান থরবোরেন জ্যাগল্যান্ড বলেন, "অন্যরা কথা বলতে না পারায় আমাদেরকেই কথা বলতে হবে।"
তাছাড়া তিনি বলেন, "উদীয়মান চীনের সমালোচনা করার অধিকার আমাদের থাকা উচিত..... আমরা চীনকে আরো গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলায় প্রত্যাশী শক্তির হাতকে আরো শক্তিশালী করতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৫১ ঘ.
bdnews24