২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার রসদ সরবরাহ চালুর প্রত্যাশা ন্যাটোর

হেলিকপ্টার হামলায় পাকিস্তানের তিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়ার পর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ পাক কর্তৃপক্ষ আবার খুলে দেবে বলে প্রত্যাশা করছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 07:57 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

কাবুল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হেলিকপ্টার হামলায় পাকিস্তানের তিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়ার পর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ পাক কর্তৃপক্ষ আবার খুলে দেবে বলে প্রত্যাশা করছে ন্যাটো। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বুধবার দিনের শেষভাগে ইসলামাবাদে জানান, সীমান্ত অতিক্রম করে ন্যাটোর হেলিকপ্টার হামলায় পাকিস্তানি সেনা নিহত হওয়া এবং তার পরিপ্রেক্ষিতে ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়া একটি বড় ধরনের দুর্ঘটনা। একই দিনে প্রকাশিত ন্যাটো ও পাকিস্তানের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তরক্ষীদের সতর্কতামূলক গুলি ছোড়াকে জঙ্গি হামলা বলে ভুল করে অ্যাপাচি হেলিকপ্টার থেকে ন্যাটো সেনারা গুলি চালিয়েছে। ন্যাটোর হেলিকপ্টারের পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘণ করে বেশ কয়েকটি হামলা ও তিন পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় ৩০ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয় পাকিস্তান। বিষয়টি নিয়ে উভয়দেশের মধ্যে অস্বস্থি তৈরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৮ঘ.