রামাল্লা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আন্তরিক শান্তি আলোচনার আশা নেই। ফিলিস্তিনের এক উর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।
ভয়েস অব প্যালেস্টাইন বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসের আবেদ রাব্বোর এ মন্তব্যে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নিয়ে ফিলিস্তিনিদের গভীর হতাশারই আভাস মিলেছে।
২ সেপ্টেম্বরে এ আলোচনা শুরু হয়। কিন্তু পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার সময়সীমা গত সপ্তাহে পেরিয়ে যাওয়ার পর থেকে অলোচনা স্থগিত হয়ে আছে।
যুক্তরাষ্ট্র আলোচনা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আলোচনা প্রক্রিয়া অক্ষুন্ন রাখার জন্য সমাধানসূত্র খোঁজার চেষ্টা করছে।
কিন্তু রাব্বো বলেন, "নেতানিয়াহু সরকার বসতিস্থাপন চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আন্তরিক কোনো রাজনৈতিক প্রক্রিয়া চলতে পারে না।"
তিনি আরো বলেন, নেতানিয়াহু সরকারের সঙ্গে আন্তরিক কোনো রাজনৈতিক প্রক্রিয়া চলবে না।
ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে পশ্চিম তীরে প্রায় ১০ মাস ইহুদি বসতিস্থাপন স্থগিত রাাখে। নেতানিয়াহু এ মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানান। ৩০ সেপ্টেম্বরে এ মেয়াদ শেষ হওয়ার পর আবার বসতিস্থাপন শুরু করেছে ইসরায়েল।
এ মেয়াদ শেষের আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনবার বৈঠক করেছেন।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) শনিবার বলেছে, ইসরায়েল অধিকৃত এলাকায় বসতিস্থাপন বন্ধ না করা পর্যন্ত শান্তি আলোচনা শুরু হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৩৯ ঘ.
bdnews24