কোলোনটার, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হাঙ্গেরিতে অ্যালুমিনিয়াম কারখানা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত লাল তরল বর্জ্য বৃহস্পতিবার সকালে দানিয়ুব নদীতে গিয়ে পড়েছে।
হাঙ্গেরির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র টিবর ডবসন একথা জানিয়েছেন।
এর আগে এ বিষাক্ত বর্জ্য রাবা নদী এবং দানিয়ুবের শাখা নদী মোসোনি দানিয়ুবের পানিতে মেশে। ফলে পুরো দানিয়ুব নদীই এখন ভয়াবহ দূষণের মুখে।
দানিয়ুব ইউরোপের অন্যতম প্রধান নদী এবং আন্তর্জাতিক জলপথ। ইইউ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। নদীটি দুষণমুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চলছে।
ডবসন এর আগে রয়টার্সকে জানান, নিঃসৃত বিষাক্ত বর্জ্য ০৩৩০ জিএমটিতে রাবা নদীতে এবং ০৭৩৯ জিএমটিতে দানিয়ুব নদীর দক্ষিণাঞ্চলীয় শাখা মোসোনি-দানিউবে পৌঁছে।
দূষিত মোসোনি-দানিউব থেকে মূল দানিয়ুব নদী প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে।
ডবসন জানান, দূষণের কারণে প্রথমেই মারকাল নদীতে মাছ মারা গেছে। তবে কর্মীরা রাবা নদীতে এখনো মাছ মরতে দেখেননি।
তিনি বলেছেন, "সমস্যাটা হচ্ছে ক্ষার।"
দানিয়ুব নদীতে এ তরল মিশে যাওয়ার কারণে ক্রোয়েশিয়া, সার্বিয়া ও রুমানিয়াসহ ছয়টি দেশ দূষণের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যেই রাবা নদী এবং দানিয়ুবের পানির ক্ষার পরীক্ষা করে দেখা গেছে, পানিতে স্বাভাবিক মাত্রার চেয়ে তা বেশি। আর পিএইচ এর মাত্রা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে ৯ এ উঠেছে।
অ্যালক্যালাইনিটির স্বাভাবিক মাত্রা হচ্ছে ৬ থেকে ৮ এর মধ্যে। তবে দানিয়ুব বড় নদী হওয়ার কারণে সেখানে পিএইচ এর স্বাভবিক মাত্রা ধরা হচ্ছে ৭ থেকে ৮ এর মধ্যে।
বিষাক্ত এ তরল বক্সাইট শোধন প্রক্রিয়ার বর্জ্য পদার্থ। এতে মারাত্মক রাসায়নিক বিক্রিয়ার কারণে তা মানবদেহের জন্য ক্ষতিকর।
গত সোমবার কোলোন্তার গ্রামে অ্যালুমিনা (অ্যালুমিনিয়ামের কাঁচামাল) প্লান্টের আধার ভেঙে বিষাক্ত এ তরল আশেপাশের আরো দুটো গ্রামে ছড়িয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার তিনটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ।
ছড়িয়ে পড়া এ লাল তরল অ্যালুমিনিয়াম কারখানার বর্জ্য সংরক্ষণাধারে রাখা ছিল। বিশাল এই আধার ভেঙেই ঘটে এ বিপত্তি।
এ বর্জ্য বিষাক্ত। কারণ, এতে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মত মারাত্মক ক্ষতিকর উপাদান ও ভারী ধাতু রয়েছে, যা পরিবেশ দূষণ ঘটাতে পারে।
ন্যাচারাল ডিজাস্টার ইউনিট (এনডিইউ) মঙ্গলবার চারটি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। এতে ইতোমধ্যেই ৪ জন নিহত ১২০ জন জখম এবং ৩ জন নিখোঁজ হয়েছে।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তরল পরিস্কারেরও চেষ্টা চলছে। সেইসঙ্গে প্লান্ট থেকে তরল নিঃসরন বন্ধ করারও চেষ্টা করা হচ্ছে।
পরিবেশমন্ত্রী জোলতান ইলেস বিবিসি কে বলেছেন, এ তরল পরিস্কার করতে কমপক্ষে এক বছর লাগবে। সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রযুক্তিগত এবং আর্থিক সাহায্যও লাগতে পারে।
তিনি এ ঘটনাকে হাঙ্গেরির সবচেয়ে বড় রাসায়নিক দুর্ঘটনা বলে মন্তব্য করেন।
বিষাক্ত উপাদানের কারণে অনেকেই জ্বালাপোড়া এবং চোখ চুলকানি উপসর্গে ভুগছে।
প্রায় ৭ লাখ কিউবিক মিটার কাদা (২৪ মিলিয়ন কিউবিক ফিট) রাস্তায় ছড়িয়ে পড়ে ভাসিয়ে নিয়ে গেছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু ও ঘরবাড়ি।
গ্রামের চারপাশের কৃষিজমি কাদায় ডুবে গেছে এবং বহু গবাদিপশুও মারা পড়েছে। বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে প্রায় ৫শ মানুষ। ৪০ স্কয়ার কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/বিসিএস/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24