২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর জ্বালানিবাহী ৪০ ট্যাঙ্কারে আগুন

আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীকে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারে বুধবার ফের হামলা চালিয়েছে পাকিস্তানি তালেবান জঙ্গিরা। পুলিশসূত্রে জানা যায়, এতে ৪০টিরও বেশি ট্যাঙ্কার আগুনে পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 06:27 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ইসলামাবাদ, পাকিস্তান, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীকে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারে বুধবার ফের হামলা চালিয়েছে পাকিস্তানি তালেবান জঙ্গিরা। পুলিশসূত্রে জানা যায়, এতে ৪০টিরও বেশি ট্যাঙ্কার আগুনে পুড়েছে। এর আগে ২০ টি ট্যাঙ্কার পুড়েছে বলে জানানো হলেও পরবর্তীতে তা বেড়ে যায়। জঙ্গিরা এই হামলার আগে গত শুক্রবার ও সোমবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। সর্বশেষ বুধবারের হামলা তারই ধারাবাহিকতা। জানা গেছে, দুটি পিকআপ ট্রাকে করে ১৪ জনের একটি সশস্ত্র দল দ্রুত এসে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহতও হয়েছেন। সর্বশেষ এ হামলার আগে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কারগুলোতে একই কায়দায় হামলা চালিয়েছে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা। সোমবারের ওই হামলায় কমপক্ষে ১২ জনের একটি সশস্ত্র দল গুলি চালিয়ে ৩ জন রক্ষীকে হত্যা করার পর ট্যাঙ্কারগুলোতে হামলা চালায় বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। ওই হামলার আগে গত শুক্রবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। গত বৃহস্পতিবার ন্যাটোর হেলিকপ্টার হামলায় উল্টরপশ্চিমাঞ্চলীয় খুররম অঞ্চলে পাকিস্তানের তিন সেনা নিহত হওয়ার পর ক্ষুব্ধ পাকিস্তানি কর্তৃপক্ষ ন্যাটোর জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়। তার একদিন পরই শিখরপুর শহরের কাছাকাছি শুক্রবার হামলা চালিয়ে ন্যাটোর জ্বালানি সরবরাহের প্রায় ৩৬ টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে পাকিস্তানের সীমানার মধ্যে হেলিকপ্টার হামলায় তিন পাক সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র বুধবার আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যানে প্যাটারসন একে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে অভিহিত করেন। সে ঘটনায় যুক্তরাষ্ট্রের দুঃখপ্রকাশের দিন বুধবারেই ন্যাটোর জ্বালানিবাহী ট্যাঙ্কারে তালেবানের নতুন এ হামলা দু' দেশের সম্পর্কে নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২০০ঘ.