সিউল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি 'আশঙ্কাজনক পর্যায়ে' পৌঁছেছে এবং এখন তারা পারমাণবিক অস্ত্রগুলো প্রযুক্তিগতভাবে আরো বহনযোগ্য ও কার্যকর করে তুলছে।
দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, গত সপ্তাহে গৃহীত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে নির্মাণ ও খনন কাজ চলছে। এটিই উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক স্থাপনা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় কৌশল বিষয়ক সেক্রেটারি কিম তায়ে-হিয়ো বলেছেন, "আমরা বুঝতে পেরেছি যে, উত্তর কোরিয়া এখন উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণসহ সব ধরনের পারমাণবিক কামসূচি চালিয়ে যাচ্ছে।"
জুংআং ডেইলি বুধবার কিম তায়ের এ বক্তব্য প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৯ঘ.
bdnews24