স্টকহোম, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রসায়নে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী রিচার্ড হেক এবং জাপানের দুই বিজ্ঞানী এই-ইচি নেগিসি ও আকিরা সুজুকি। (আরো তথ্যসহ)
কার্বন নির্ভর রসায়নিক যৌগ সৃষ্টির পদ্ধতি উদ্ভাবন এবং এ পদ্ধতিতে ক্যান্সার প্রতিরোধক নতুন ওষুধ তৈরির কাজে অবদানের জন্য বুধবার যৌথভাবে তাদেরকে এ পুরস্কার দিয়েছে রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।
পুরস্কার হিসাবে তিন বিজ্ঞানী ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ ডলার) পাচ্ছেন।
নোবেল কমিটি জানায়, এ তিন বিজ্ঞানী 'প্যালাডিয়াম-ক্যাটালাইজড ক্রস কাপলিং ইন অরগানিক সিস্টেমস' পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে সবজায়গায় এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ওষুধশিল্প এমনকি পাতলা কম্পিউটার স্ক্রীনের মতো সূক্ষ্মাতিসূক্ষ্ম ইলেক্টনিকস সামগ্রী তৈরির পথ সুগম হয়েছে এ পদ্ধতির কল্যাণে।
তাছাড়া, এ পদ্ধতিতে প্রাণের আদি রূপ কার্বন নির্ভর রাসায়নিক যৌগ তৈরি করা সম্ভব।
এ ধরনের রাসায়নিক যৌগের মধ্যে অন্যতম একটি রাসায়নিক পদার্থ প্রাকৃতিকভাবে খুব অল্প পরিমাণে সামুদ্রিক স্পঞ্জ জাতীয় প্রাণীতে পাওয়া যায়।
বিজ্ঞানীদের ধারণা, প্রাকৃতিকভাবে প্রাপ্ত এ রাসায়নিক যৌগটি ক্যান্সার নিরাময়ে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ঠেকাতে কাজে লাগানো যেতে পারে।
তিন বিজ্ঞানীর উদ্ভাবিত পদ্ধতিতে এখন কৃত্রিমভাবে গবেষণাগারেই কার্বন এটমের সংমিশ্রণ ঘটিয়ে এ রাসায়নিক যৌগ তৈরি করা যেতে পারে বলে মনে করছেন গবেষকরা। যা থেকে অদূর ভবিষ্যতে ক্যান্সার প্রতিরোধক ওষুধ তৈরি করা সম্ভব।
নোবেল কমিটি জানিয়েছে, এ ধরনের রাসায়নিক যৌগ তৈরিতে কার্বন এটম একসঙ্গে মেলানোর কাজটি দুরূহ। কিন্তু নোবেল জয়ী তিন বিজ্ঞানীর উদ্ভাবিত নতুন পদ্ধতিতে এ কাজটি অনেক সহজ হয়েছে।
নোবেল বিজয়ী গবেষক রিচার্ড হেক (৭৯) বর্তমানে যুক্তরাষ্ট্রের দেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস হিসেবে কাজ করছেন।
অন্যদিকে, জাপানের নেগিসিও (৭৫) যুক্তরাষ্ট্রের পুরডু বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক।
আর তৃতীয় নোবেল বিজয়ী গবেষক সুজুকি (৮০) জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭২৭
bdnews24