২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে বিষাক্ত তরল নিঃসরণ, জরুরি অবস্থা জারি

হাঙ্গেরিতে একটি অ্যালুমিনা প্লান্ট থেকে বিষাক্ত লাল তরল আশেপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তিনটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

কোলোনটার, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- হাঙ্গেরিতে একটি অ্যালুমিনা প্লান্ট থেকে বিষাক্ত লাল তরল আশেপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তিনটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিষাক্ত এ তরলে ৪ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে। অ্যালুমিনা প্লান্টের আধার ভেঙে সোমবার এ তরল কাদা গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার 'ন্যাচারাল ডিজাসটার ইউনিট' (এনডিইউ) জানায়, আরো চারটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ জন। ৬ জন নিখোঁজ রয়েছে। কাদার বিষাক্ত উপাদানের কারণে অনেকেই জ্বালাপোড়া এবং চোখ চুলকানি উপসর্গে ভুগছে। প্রায় ৭ লাখ কিউবিক মিটার কাদা (২৪ মিলিয়ন কিউবিক ফিট) রাস্তায় ছড়িয়ে পড়ে ভাসিয়ে নিয়ে গেছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও ঘরবাড়ি। গ্রামের চারপাশের কৃষিজমি কাদায় ডুবে গেছে এবং বহু গবাদিপশুও মারা পড়েছে। বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে প্রায় ৪ শ মানুষ। হাঙ্গেরি সরকারের মুখপাত্র আন্না নাগি রয়টার্সকে বলেন, "আমরা ভেজপ্রেম, গায়র-মোসোন-সোপরোন এবং ভাস কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছি।" ভেজপ্রেম কাউন্টিতে এ বিপর্যয় ঘটেছে। আর এখন বিষাক্ত তরল অন্য দুটি কাউন্টির দিকে ছড়াতে শুরু করায় এ তিনটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানান আন্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১৪ ঘ.