স্টকহোম, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পদার্থবিজ্ঞানে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন জন্মসূত্রে রাশিয়ার দুই বিজ্ঞানী আন্দ্রে গাইম এবং কনসটানটিন নোভোসেলোভ ।
অতি-সুক্ষ্ম কার্বন কণা নিয়ে গবেষণার জন্য দুই জনকে যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটি মঙ্গলবার একথা জানিয়েছে।
ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী আন্দ্রে গাইম ও কনসটানটিন নোভোসেলোভ কার্বনের সবচেয়ে পাতলা ও শক্ত রূপ 'গ্রাফেন' নিয়ে একসঙ্গে গবেষণা করেছেন।
কোয়ান্টাম ফিজিক্স থেকে বর্তমানে ব্যবহার্য ইলেক্ট্রনিক্স দ্রব্যে এই অতি-সুক্ষ্ম কার্বন কণা ব্যবহারে নতুন দুয়ার উন্মোচিত হয়েছে তাদের গবেষণায়।
গ্রাফাইট বা সাধারণ পেন্সিলের শীষে যে কার্বন থাকে সেই কার্বন থেকেই এ দুই গবেষক নতুন রূপের এ কার্বনটিকে সামনে নিয়ে এসেছেন।
গ্রাফেন স্বচ্ছ এবং বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী হওয়ায় ট্রান্সপারেন্ট টাচ স্ক্রিন, লাইট প্যানেল এবং সোলার সেল তৈরিতে সহায়ক।
পদার্থ বিজ্ঞানী আন্দ্রে গাইম (৫১) ডাচ নাগরিক। তার জন্ম সাবেক সোভিয়েত ইউনিয়নের সোচিতে ১৯৫৮ সালে।
অন্যদিকে, গাইমের পিএইচডি শিক্ষার্থী নভোসেলোভ (৩৬) একাধারে রুশ-ব্রিটিশ নাগরিক। জন্ম ১৯৭৪ সালে।
নোবেল কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৭৩ সালের পর নোভোসেলোভই পদার্থবিদ্যায় নোবেল জয়ী সবচেয়ে তরুণ বিজ্ঞানী।
নোবেল কমিটি জানায়, এক অণু পরিমাণ কার্বনের ব্যতিক্রমী প্রয়োগ দেখিয়েছেন এ দুই বিজ্ঞানী।
পুরস্কার হিসাবে তারা ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ ডলার) পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭০২ ঘ.
bdnews24