২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের পথ সৃষ্টি করবে মিয়ানমারের নির্বাচন!

মিয়ানমারে ক্ষমতাসীন জেনারেলরা নির্বাচনের মাধ্যমে নিজেদের অজান্তেই দেশটিতে গণতান্ত্রিক যাত্রার সূচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ব্যাংকক, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে ক্ষমতাসীন জেনারেলরা নির্বাচনের মাধ্যমে নিজেদের অজান্তেই দেশটিতে গণতান্ত্রিক যাত্রার সূচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর তাতে কয়েক দশকের সামরিক শাসন কবলিত দেশটিতে সেনানিয়ন্ত্রিত একপেশে নির্বাচন হলেও একটি গণতান্ত্রিক কাঠামো সৃষ্টি হবে, যা নিয়ন্ত্রণে অবশ্যই ব্যর্থ হবেন সামরিক জান্তারা। ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে 'জেনারেলদের নির্বাচন' বলা হচ্ছে। এতে কারচুপির বিষয়টিও নাকচ করা যাচ্ছে না। তবে এ নির্বাচন মিয়ানমারকে একটি সংস্কারের দিকে নিয়ে যেতে পারে এবং ক্ষমতা ধীরে ধীরে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, নির্বাচনের মাধ্যমে সেনা কর্মকর্তা ছাড়াও অন্যরা ক্ষমতাকেন্দ্রে আসতে পারবেন। বেশিরভাগ বিশ্লেষকই একে বেসামরিক মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করছেন এবং এক দশকের মধ্যেই এ পরিবর্তন আসতে পারে বলে তারা ধারণা করছেন। মিয়ানমার বিষয়ক প্রবীণ বিশ্লেষক ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড স্টেইনবার্গ বলেন, "অবশ্যই এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে না। তবে সময়ের ব্যবধানে এখান থেকেই আরো রাজনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।" ১৯৬২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের আগে থেকেই মিয়ানমার বিষয়ে গবেষণা করে আসছেন ডেভিড স্টেইনবার্গ। তিনি আরো বলেন, "কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও দেখা দিয়েছে। এ নির্বাচনের ফলে পার্লামেন্ট অধিবেশন আহ্বান করা হবে এবং সাধারণ জনগণ কিছু বলার সুযোগ পাবে।" তবে এটা নিশ্চিত যে প্রাথমিক অবস্থায় জনগণের কণ্ঠ খুবই নিরব থাকবে। সেনাবাহিনীর ক্ষমতাকে আরো শক্তিশালী করার জন্য এ নির্বাচন বলে ধারণা করা হচ্ছে। এতে সম্প্রতি অবসরে যাওয়া জেনারেলরাই বেশির ভাগ আসন ও সিনেটে জয়ী হবেন এবং ২৫ শতাংশ আসন সেনাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১৪৩৫ঘ.